গোপীবল্লভপুর, ১২ এপ্রিলঃ বিকেলের আলো ফিকে হওয়ার আগেই শোক নেমে এল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা গ্রামে। সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১২ বছরের এক শিশু। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর অবশেষে নদী থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে কয়েক জনের সঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল ওই শিশু। আচমকাই গভীর জলে চলে গিয়ে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা অন্যরা প্রথমে তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
এর পর শুরু হয় তল্লাশি। স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের তরফেও উদ্ধারকাজ শুরু হয়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর অবশেষে নদীর জলের তলা থেকে উদ্ধার করা হয় শিশুটির দেহ। ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।







