Home » Politics » দুলাল মুর্মুর সমর্থনে দিনরাত এক করে প্রচারে রূপা

দুলাল মুর্মুর সমর্থনে দিনরাত এক করে প্রচারে রূপা

Share:

২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায়। আর সেই নির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়ে গেছে রাজনৈতিক প্রচার।
ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মুকে জেতানোর লক্ষ্যে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে ডোর টু ডোর প্রচারে নেমেছেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরা।
সকাল থেকে সন্ধ্যা—গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরলসভাবে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন তিনি। তুলে ধরছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়ন এবং জনমুখী উদ্যোগের চিত্র।
তবে শুধু উন্নয়নের বার্তা নয়, এই প্রচারের মধ্যেই উঠে এলো প্রতিবাদের সুরও। কেন্দ্র সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধি এবং অনিয়ম নিয়ে সরব হন রুপা বেরা। তাঁর অভিযোগ, লাগাতার গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে, আর এর ফলে নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
এই ইস্যুতেই তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
দলীয় কর্মীরা যখন দুলাল মুর্মুর সমর্থনে প্রচারে ব্যস্ত, ঠিক তখনই এক ভিন্ন ছবি ধরা পড়লো নয়াগ্রামে। পঞ্চায়েত সমিতির কাজ সামলানোর পাশাপাশি নিজের ক্লান্তিকে ভুলে, একটানা প্রচার চালিয়ে যাচ্ছেন রুপা বেরা।
স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনা এবং সেই সঙ্গে উন্নয়ন ও প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়ার এই দ্বিমুখী প্রচেষ্টা ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকায়।
ভোটের আগে এই ডোর টু ডোর প্রচার এবং ইস্যুভিত্তিক অবস্থান কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment