মেদিনীপুর: বালি মাফিয়া মামলায় এবার পুলিশের জালে শাসকদলের প্রথম সারির নেত্রী। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির দাপুটে তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ কল্পনা শীটকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। বালি ব্যবসা সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমে এই নেত্রীর নাম জড়ানোর পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় বেআইনি বালি পাচার এবং বালি ব্যবসার আড়ালে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ উঠছিল। খড়্গপুর টাউন থানায় রুজু হওয়া একটি মামলার তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, এই চক্রের নেপথ্যে অন্যতম প্রভাবশালী ভূমিকা রয়েছে কেশিয়াড়ির এই তৃণমূল নেত্রীর। এরপরই তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এই হাইপ্রোফাইল গ্রেফতারি প্রসঙ্গে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।
এদিকে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি সহ বিরোধী শিবির। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের মদতেই এতদিন ধরে মেদিনীপুরের নদীগুলো থেকে বালি লুঠ করা হচ্ছিল, এখন নিজেদের কোন্দলেই নেত্রী ধরা পড়েছেন।







