বারুইপুর: নিজের কষ্টার্জিত টাকায় কেনা বসতবাড়ি, অথচ সেখানেই এখন প্রবেশাধিকার নেই খোদ মালিকের! দুষ্কৃতীদের তাণ্ডব ও ক্রমাগত হুমকির জেরে ক্যানসার আক্রান্ত স্বামীকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়াবাড়িতে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিশালক্ষী তলা এলাকায়।
ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মিঠু শাও। তাঁর অভিযোগ, চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই সমস্যার শুরু। এলাকার কিছু দুষ্কৃতী তাঁর কেনা জায়গা ও বসতবাড়িটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। মিঠুদেবী জানান, জমি দখলের চেষ্টার পাশাপাশি দুষ্কৃতীরা রীতিমতো তাঁদের ওপর চড়াও হয়। তারা জোর করে বাড়ির ভেতরে ঢুকে তাঁদের মারধরেরও চেষ্টা করে বলে অভিযোগ। স্বামী ক্যানসার আক্রান্ত হওয়ায় এবং নিজেদের নিরাপত্তার কথা ভেবে শেষপর্যন্ত নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। বর্তমানে ওই দম্পতি চরম আতঙ্কের মধ্যে অন্য একটি জায়গায় ভাড়াবাড়িতে আশ্রয় নিয়েছেন।
এই চরম হয়রানি ও হুমকির প্রতিকার চেয়ে মিঠুদেবী প্রথমে বিষয়টি স্থানীয় বাবুসোনা মণ্ডলকে জানান। এরপর তিনি সোজা বারুইপুর থানার দ্বারস্থ হন। বারুইপুর থানায় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মিঠু শাও।
বর্তমানে নিজেদের ভিটেয় ফেরার অপেক্ষায় দিন গুনছেন এই অসহায় দম্পতি। পুলিশি হস্তক্ষেপে কবে তারা নিজেদের কেনা বাড়িতে নিশ্চিন্তে ফিরতে পারবেন, সেটাই এখন দেখার। প্রতিবেদক – প্ৰিয় মুখার্জী বারুইপুর







